মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে মোট এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি উপজেলার বিভিন্ন তেল পাম্প ও ডিপোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের দোকানে অনুমোদনের বাইরে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে জব্দ করা অতিরিক্ত তেল ও এলপিজি গ্যাস ফায়ার সার্ভিসের জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।