আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অতিদরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারিভাবে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির আওতায় প্রতিটি উপকারভোগী পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ চাল প্রদান করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার রহিমপুর ইউনিয়নে ১ হাজার ৩০৭টি কার্ডের বিপরীতে ১৩.০৭০ মেট্রিক টন, পতনউষার ইউনিয়নে ৮৫৪টি কার্ডের বিপরীতে ৮.৫৪০ মেট্রিক টন, মুন্সীবাজার ইউনিয়নে ৬২১টি কার্ডের বিপরীতে ৬.২১০ মেট্রিক টন, শমশেরনগর ইউনিয়নে ১ হাজার ২৩২টি কার্ডের বিপরীতে ১২.৩২০ মেট্রিক টন, কমলগঞ্জ ইউনিয়নে ৭৯২টি কার্ডের বিপরীতে ৭.৯২০ মেট্রিক টন, আলীনগর ইউনিয়নে ১ হাজার ৮২টি কার্ডের বিপরীতে ১০.৮২০ মেট্রিক টন, আদমপুর ইউনিয়নে ১ হাজার ১১টি কার্ডের বিপরীতে ১০.১১০ মেট্রিক টন, মাধবপুর ইউনিয়নে ১ হাজার ৭২টি কার্ডের বিপরীতে ১০.৭২০ মেট্রিক টন এবং ইসলামপুর ইউনিয়নে ১ হাজার ২৭টি কার্ডের বিপরীতে ১০.২৭০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।
সব মিলিয়ে উপজেলায় মোট ৮ হাজার ৯৯৮টি কার্ডধারী পরিবারের মধ্যে ৮৯.৯৮০ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।
চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজ্বী মুজিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ দুরুদ আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপকারভোগীরা সরকারের এ মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন ঈদকে সামনে রেখে এ সহায়তা তাদের জন্য বড় সহায়ক হবে বলে জানান।